নিজেস্ব প্রতিবেদকঃ
নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সফলতা। তাঁর দিক নির্দেশনা এবং দক্ষতায় থানা পুলিশ গত ৭ মাস ২০ দিনে বিভিন্ন অপরাধে মোট ৮১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের মধ্যে ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ৯৩ জন এবং অনলাইন জুয়া ও জুয়া আইনের মামলায় ২৯ জনসহ মোট ১২২ জন রয়েছেন। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ও বিদেশি অস্ত্র, চোরাই মালামাল এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন যানবাহন উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ২১ নভেম্বর পর্যন্ত লালপুর থানা-পুলিশের পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে পেশাদার ডাকাত, দস্যু, মাদক কারবারি, অনলাইন প্রতারক, জুয়াড়ি, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে থানা-পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ডাকাতি ও দস্যুতার সাতটি মামলায় ২৫ জন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় ৩০০ কেজি তামার তার, একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ, একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান এবং নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৭টি মামলায় ১০৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ৫৮৭ পিস ইয়াবা, ৫৪১ গ্রাম হেরোইন, ১৬ কেজি ৪৫৪ গ্রাম গাঁজা, ৩১ লিটার চোলাই মদ, ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি অটোভ্যান, ১৩টি মোটরসাইকেল, ২৭টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ১৭ হাজার ১০৭ টাকা জব্দ করা হয়েছে।
সাইবার সুরক্ষা আইনে ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ৩৪টি মামলায় ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসব মামলায় ১২৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০৬টি সিমকার্ড, ১০টি মোটরসাইকেল ও নগদ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অনলাইন জুয়া ও জুয়া আইনে সাতটি মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ছয় প্যাকেট তাস ও নগদ ২৩ হাজার ৯৩০ টাকা উদ্ধার করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১১টি মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি এসকেভেটর, ১০টি ড্রাম ট্রাক, পাঁচটি ট্রাক্টর ও দুটি ট্রলি জব্দ করা হয়।
অস্ত্র আইনে তিনটি মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, তিনটি ধারালো চাকু, দুটি অ্যান্ড্রয়েড ফোন, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
চুরির অভিযোগে ১৬টি মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় চারটি আরএফএল পাইপ, তিনটি বাইসাইকেল, দুটি মোটরসাইকেল, চারটি পানির পাম্প, তিনটি অটোভ্যান, পাঁচ কেজি তামার তার ও নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো ২৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে ২০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন ৩৩ জন। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জনকে। অন্যান্য নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন আরও ২৫০ জন।
লালপুর থানার আইন শৃংখলা রক্ষায় থানা পুলিশের এই সফলতা জানতে মুঠোফোনে কথা হয় শফিকুল ইসলামের সাথে। তিন বলেন, “লালপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানা-পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, ডাকাতি, চুরি, অনলাইন প্রতারণা ও জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গত ৭ মাস ২০ দিনে ৮১২ জন আসামিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার আমাদের ধারাবাহিক অভিযানের ফল।
তিনি আরও বলেন, অপরাধী যে-ই হোক, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান। লালপুরের সাধারণ মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে পুলিশের টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। জনগণের সহযোগিতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় লালপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
স্থানীয়দের ভাষ্য মতে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন প্রতারণা ও জুয়া প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালপুর থানা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

