ঢাকাWednesday , 14 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরের হাট কানপাড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে- এমপি নজরুল ইসলাম 

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার হাট কানপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিবের সার্বিক সহযোগিতায় এবং সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ বাবলু সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু বিদ্যালয়ের শিক্ষকদের একক দায়িত্ব নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে কি না, বাড়িতে পড়াশোনা করছে কি না এবং পড়ালেখায় কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। অন্যদিকে শিক্ষকদেরও পাঠদানকে আরও কার্যকর, আনন্দদায়ক ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠ বুঝতে পারে এবং পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা জরুরি। শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হতে পারে না বরং শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দিকে নজর দিতে হবে। এ জন্য বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে পাঠদানে সক্রিয় অংশগ্রহণ এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে পরিবার ও বিদ্যালয়ের মধ্যে কার্যকর সমন্বয় থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি তাদের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অভিভাবকদের আন্তরিক তদারকি, শিক্ষকদের দায়িত্বশীল পাঠদান এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব।

হাটকানপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

dailyalochitosangbad