ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বন ও পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

পবায় প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণে-জেলা প্রশাসক 

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর পবা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তি, ভিক্ষুক পুনর্বাসন, দুঃস্থ পরিবার ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন স্থানে এসব সহায়তা দেওয়া হয়।

মোঃ ইবনুল আবেদীন উপজেলা নির্বাহী কর্মকর্তা,পবা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উপজেলা পরিষদ চত্বর ও অনুষ্ঠানস্থলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্ধারিত দুস্থ ও অসহায় ব্যক্তিরা উপস্থিত হন। শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দুস্থ পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ, ভিক্ষাবৃত্তি ছেড়ে নতুন জীবিকার স্বপ্ন নিয়ে আসা অসহায় মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক। সহায়তা হাতে পেয়ে অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু, মুখে ছিল স্বস্তির হাসি।

উপজেলা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ভিক্ষুক পুনর্বাসন সহায়তার আওতায় ২৫, দুস্থ সহায়তায় ৪২ ও দরিদ্র শিক্ষার্থী ১০ জন মধ্যে মোট ৭৮ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ টি অসহায় পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা প্রদান করা হয়েছে।

নগদ অর্থ পেয়ে হড়গ্রাম ইউনিয়নের দরিদ্র শিক্ষার্থী ইয়ামিন আসলাম সানি বলেন, “আমার পড়াশোনার খরচ চালাতে পরিবারকে অনেক কষ্ট করতে হয়। আজকের এই সহায়তা আমার পড়াশোনার পথে নতুন সাহস জোগাবে। আমি ভালোভাবে পড়াশোনা করে পরিবারের মুখে হাসি ফোটাতে চাই।”

পবা উপজেলার নওহাটা পৌর এলাকার কাদো বেওয়া টিন ও নগদ অর্থ পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “বৃষ্টির সময় ঘরের চাল দিয়ে পানি পড়তো, অনেক কষ্টে দিন কাটতো। আজ টিন ও টাকা পেয়ে মনে হচ্ছে, এবার মাথার ওপর একটু ভালো ছাউনি দিতে পারবো। এই সহায়তা আমার মতো অসহায় মানুষের জন্য অনেক বড় পাওয়া।”

ভিক্ষুক পুনর্বাসন সহায়তা পাওয়া নওহাটা পৌর এলাকার জমেলা বলেন, “আমি আর ভিক্ষা করতে চাই না। একটি ছাগল, নগদ অর্থ ও ছাগল পালনের উপকরণ পেয়ে নতুন করে বাঁচার আশা পেলাম। এই ছাগল পালন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব।”

উল্লেখ্য, ভিক্ষুক পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে সুবিধাভোগীদের একটি করে ছাগল এবং নগদ অর্থের পাশাপাশি ছাগল পালনের উপকরণ দেওয়া হয়। এর মধ্যে ছিল ঔষধ, মাল্টিভিটামিন পাউডার, প্লাস্টিকের গামলা, বেলচা, ঝাড়ু, ১৫ বর্গফুট ত্রিপাল ও ১ কেজি ভূষি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “সরকার সবসময় অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে রয়েছেন। মানবিক সহায়তার মূল উদ্দেশ্য শুধু অনুদান দেওয়া নয়, বরং সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল করে সম্মানজনক জীবনের পথে এগিয়ে নেওয়া। যারা আজ সহায়তা পেয়েছেন, তারা এই সহায়তা সঠিকভাবে কাজে লাগান।”

তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষ একসঙ্গে কাজ করলে পবা উপজেলার অসহায় মানুষের জীবনমান আরও উন্নত হবে।”

মোঃ ইবনুল আবেদীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পবা উপজেলার অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ব্যক্তি ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। আজকের এই সহায়তা শুধু সাময়িক অনুদান নয়, বরং সুবিধাভোগীদের স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার একটি মানবিক উদ্যোগ। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং তারা যেন তা সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন নজর রাখবে।”

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে দুপুর ১২টায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম পবা উপজেলা ভূমি অফিস পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি। এতে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশ নেন।

দুপুর ২টায় জেলা প্রশাসক পবা উপজেলার পারিলা ইউনিয়নের বৈরাগীর খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সমস্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) , পবা, মোঃ‌ হোসেন খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ মাহমুদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং রাজনৈতিক নেত্রী বৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

dailyalochitosangbad