জাহিদ মিয়াঃ
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় প্রায় ৫ কাঠা মূল্যবান জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে দুই সহোদর ভাইয়ের বিরোধ প্রকাশ্যে এসেছে। বড় ভাই আলহাজ্ব মো. মুকুল আমিন অভিযোগ করেছেন, তার বৈধ মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে ছোট ভাই মো. আলমগীর হোসেন ওরফে অ্যাপোলো প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন। জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভয়ভীতি, প্রাণনাশের হুমকি এবং প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) মিরপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুকুল আমিন বলেন, শেওড়াপাড়ার ৫৯৩/এ এলাকায় মেট্রোরেলের ৩২০ নম্বর পিলারের পাশে অবস্থিত জমিটি তাদের পিতা মরহুম আলহাজ্ব আব্দুল মালেকের রেখে যাওয়া সম্পত্তির অংশ। জমির মালিকানা প্রমাণের প্রয়োজনীয় দলিলপত্র তার কাছে থাকা সত্ত্বেও তিনি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আলমগীর হোসেন অ্যাপোলো ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জমিটি নিয়ন্ত্রণে রেখে আসছেন। বিরোধের জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর একাধিকবার হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় কয়েকজনের নামও উল্লেখ করেন তিনি।
মুকুল আমিন আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধ চলমান থাকা অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে সেখানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, এলাকায় প্রভাব বিস্তার করে তার ছোট ভাই দীর্ঘদিন ধরে একক আধিপত্য বজায় রেখেছেন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের মধ্যে আরও রয়েছে—বিরোধপূর্ণ জমি ও আশপাশের এলাকায় রাতের বেলায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার অভিযোগ। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনের পর ঘটনাস্থলে গেলে সংবাদকর্মীদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তবে আলমগীর হোসেন ওরফে অ্যাপোলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে তার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, জমির মালিকানা ও দখল নিয়ে চলমান বিরোধের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে উত্থাপিত সব অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

