নিজেস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রায় ১৫ বিঘা সরকারি জমি নিয়ে চৌকি আদালত ও উপজেলা পরিষদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়েছে। এ নিয়ে আদালতের সেরেস্তাদার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা করেছেন।
জানা যায়, ২০১৩ সালে শাহজাদপুর চৌকি আদালতের সেরেস্তাদার জেলা প্রশাসক, ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি ওই মামলার আরজি সংশোধন করে পরিষদের প্রায় ৭ একর জায়গা দাবি করে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পুরোনো বিরোধ আবার সামনে আসে।
উপজেলা পরিষদের বিশেষ সভা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় পরিষদের ক্লিয়ারেন্স ছাড়া প্রাচীর নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ২১ জুন গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে কাজ বন্ধের চিঠি দেয় উপজেলা প্রশাসন।
অভিযোগে বলা হয়, ওই চিঠিকেই নিষেধাজ্ঞা ভঙ্গের ঘটনা দেখিয়ে ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা করা হয়। কিন্তু নথি অনুযায়ী নিষেধাজ্ঞার আবেদন ও আদেশ ২৪ মে একই দিনে কোনো শুনানি ছাড়াই করা হয়। উপজেলা প্রশাসনের কাছে নোটিশ, আরজি ও আদেশ পৌঁছায় ৩০ জুন।
প্রশাসনের দাবি, এর আগে নিষেধাজ্ঞার বিষয়ে তারা অবগত ছিল না। গণপূর্ত ও থানার চিঠি বিশ্লেষণেও দেখা যায় নোটিশের পরে ইস্যু করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে ২১ জুনের সরকারি চিঠিকে কীভাবে নিষেধাজ্ঞা ভঙ্গ হিসেবে গণ্য করা হলো।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আদেশের তারিখ ও জারির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এর মধ্যে ভায়োলেশন মামলার শুনানি দ্রুত এগিয়ে নেওয়া এবং ২৬ জুলাইয়ের আদেশের অনুলিপি ইউএনও কার্যালয়ে পৌঁছানোর আগেই তা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার ঘটনাও আলোচনায় এসেছে।
ভায়োলেশন মামলায় ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে জেলা জজ আদালতে সিভিল রিভিশন দায়ের করে ১৩ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে।
সর্বশেষ জেলা ও দায়রা জজের আদেশে ২৯ জুলাই মূল মামলা ও ভায়োলেশন মামলা সিরাজগঞ্জ সদর আদালতে স্থানান্তর করা হয়েছে। ৬ আগস্ট মিস ভায়োলেশন মামলায় ইউএনওর সকল আবেদন নামঞ্জুর করে চার্জ গঠন করা হয় এবং ১৩ আগস্ট এক তরফা সাক্ষ্য ও আদেশের জন্য রাখা হয়েছিল। ১৩ আগস্ট বাদীপক্ষের একতরফা জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ২৭ আগস্ট আদেশের তারিখ ধার্য করা হয়েছে। আরেক আদেশে ২৫ আগস্টের মধ্যে গণপূর্তকে বাউন্ডারি নির্মাণের নির্দেশ দিয়েছে সিরাজগঞ্জ সদর আদালত।
বর্তমানে শাহজাদপুরে আদালত ও উপজেলা পরিষদের মধ্যে এ জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ভায়োলেশন মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে শাহাজাদপুরের সুশীল সমাজসহ সাধারণ মানুষ।

