ঢাকাTuesday , 14 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুখানদিঘী বটতলা থেকে শানপুকুরিয়া উত্তরপাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটি অবশেষে নিজ অর্থায়নে সংস্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল।

মঙ্গলবার(১৪জুলাই) সকাল থেকে নিজস্ব অর্থায়নে ইটের খোয়া ও বালি দিয়ে সড়কটির সংস্কারকাজ শুরু করেন দুর্গাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক। সারাদিনব্যাপী চলা এ সংস্কার কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। বহুদিন পর সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয়দের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি।

স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জানান, সড়কটি সংস্কারের দাবিতে পৌরসভা এবং বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে বিষয়টি কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেককে জানালে তিনি দ্রুত নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের ব্যবস্থা করেন। তিনি বলেন, এটি নিঃসন্দেহে একটি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ। আমরা তাঁর এই কাজকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও তিনি যেন মানুষের পাশে থাকতে পারেন, সেই প্রত্যাশা করি।

কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক বলেন, ২০০১ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক পথচলা শুরু। দল-মত নির্বিশেষে সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সেবাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও যদি ৮ নং ওয়ার্ডের মানুষের প্রতিনিধি হওয়ার সুযোগ পাই, তাহলে এলাকার উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করবো। এজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কটি সংস্কার হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তারা আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি ও সমাজসেবীরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখলে এলাকার অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে।

dailyalochitosangbad