স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (৭ জুলাই) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। তিনটি সভার সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার।
সকালে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে পুলিশ সুপার পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরে মাসিক কল্যাণসভায় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার কথা শোনেন এবং সেগুলোর দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরপর অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ মানুষের প্রত্যাশিত পুলিশি সেবা দ্রুত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানাভিত্তিক আইনশৃঙ্খলা রক্ষায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
সভার সমাপনী বক্তব্যে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে মানবিক ও সেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।

