নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কাজী শহিদুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্য দিয়ে একের পর এক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজশাহীর চিত্র পরিবর্তনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
৪ জুন (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে খাল পুনঃখনন কার্যক্রম ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায়, রাজশাহী জেলার তানোর উপজেলায় ধামধুম হতে ভূষনা মাদার খাল এবং দেউল বেলতলা ব্রীজ হতে বনকেশর ব্রীজ খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, প্রাক্কলিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, বিএমডিএ কর্তৃক ধামধুম হতে ভূষনা মাদার খালটির ৩ কিলোমিটার এবং এলজিইডি কর্তৃক দেউল বেলতলা ব্রীজ হতে বনকেশর ব্রীজ খালটির ৫.৫৫ কিলোমিটার খনন কাজ শতভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে খাল দুটির উভয় পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।
তানোর উপজেলা অফিস সূত্রে জানা যায়, ধামধুম হতে ভূষনা খালের উভয় পাড়ের সগুনা, মাকরান্দা, শিররামপুর ও সাতপুকুড়িয়া মৌজায় প্রায় ৬৮০ বিঘা জমি আছে। পদ্মানদী হতে খননকৃত খালে পানি সরবরাহের পন্টুন স্থাপন এবং পাম্প স্থাপনের কাজ চলমান আছে। পাম্প স্থাপনের কাজ শেষ হলে উক্ত খাল হতে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে ৬৮০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব হবে।
কাজী শহিদুল ইসলাম (ডিসি) পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এই সময় জেলা প্রশাসক খাল পুনঃখননের ফলে কৃষি, সেচ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত উন্নয়নে সম্ভাব্য সুফল বিষয়ে আলোচনা করেন এবং খালের পাড়ের ভাঙন রোধে এবং প্রকল্পের দীর্ঘমেয়াদি টেকসই সুফল নিশ্চিত করতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।
এছাড়া তানোর উপজেলা পরিদর্শনের অংশ হিসেবে কাজী শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এই সময় স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। জেলা প্রশাসক সম্পর্কে স্থানীয় কৃষক গফুর মিয়া বলেন, “হামরা বুঝবার পারিনি এ আগুন ঝরা রৈদে ডিসি স্যার বিলে ডারা দেখব্যার যাবে। এত বড় মানুষ হামাগের গায়ত আগে আহেনি।”
তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

