নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর বিখ্যাত আম দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। প্রতি বছরের ন্যায় এই বছরেও বাজারজাত ও পরিবহনে শৃঙ্খলা আনতে চলতি মৌসুমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছেন জেলা প্রশাসন কাজী শহিদুল ইসলাম। অপরিপক্ব আম যাতে কোনোভাবেই বাজারে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ মে (রোববার) বিকেল ৩ টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভাবে আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে সকল প্রকার গুটি আম নামানো যাবে। এছাড়া গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ ও লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়া বারি আম-৪ নামানো যাবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই। কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারাবছর বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এই ম্যাঙ্গো ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, “কেউ যাতে নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম বাজারজাত করতে না পারে, সেজন্যই এই ক্যালেন্ডার করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম নামালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

