নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। সভায় রাজশাহী সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম হেলাল বলেন, দেশনায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে পরিবহন মালিক ও শ্রমিক সমাজ অত্যন্ত আনন্দিত ও উদ্দীপ্ত।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামলে পরিবহন খাতে কখনো অতিরিক্ত ট্যাক্স ও ভ্যাট আরোপ করা হয়নি। বরং মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাস্তবমুখী ও সহায়ক নীতি গ্রহণ করা হয়েছিল।
তিনি আরও জানান, আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তারেক রহমানের আগমন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর রাজশাহী থেকে ১০০ থেকে ১৫০টি যানবাহন নিয়ে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি গ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে তারা এই কর্মসূচি সফল করতে পরিবহন মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

