নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের এক বছর মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে একাডেমির প্যারেড মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।
প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচজন নবীন ক্যাডেটের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন— বেস্ট ক্যাডেট শাহরিয়ার হাসান সিজান, বেস্ট একাডেমিক সাইফুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ তৌকির আহমেদ, বেস্ট সুইমার আশরাফুল ইসলাম এবং বেস্ট শুটার কামরান শেখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ police একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি আলী হোসেন ফকির বলেন, “সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ মোকাবিলায় দক্ষতার কোনো বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে এবং প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিকের মতো বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, সব শ্রেণী-পেশার মানুষের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।” কর্মক্ষেত্রে নিরপরাধ ও বিপন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি নবীন পুলিশ সদস্যদের আহ্বান জানান।
একাডেমি সূত্রে জানা গেছে, ২০২৫ সালে ৫০০ জন ক্যাডেট এসআই নিয়ে এই ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছিল। আজকের সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের এক বছরের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শেষ হলো। এরপর মাঠপর্যায়ে দুই বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য তাদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে।

