মোঃ রুবেল হোসেন বাউফল,পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘদিন ধরে বিতর্ক ও নানা অভিযোগের মুখে থাকা কাছিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসানকে অবশেষে বদলি করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে তাকে কাছিপাড়া ইউনিয়ন পরিষদ থেকে সরিয়ে কনকদিয়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।
জেলা প্রশাসনের জারি করা আদেশে কঠোর অবস্থানের প্রতিফলন দেখা গেছে। আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাকে ২১ জানুয়ারির মধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও যোগদান না করলে ২২ জানুয়ারি সকাল থেকে তাকে ‘তাৎক্ষণিক অবমুক্ত’ (Stand Released) হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাছিপাড়া ইউনিয়নে দায়িত্ব পালনকালে মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি, অফিসে অনুপস্থিত সাংবাদিক এর উপর হামলা, ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, ইউনিয়ন পরিষদের হিসাব যথাসময়ে না দেওয়াসহ একাধিক অভিযোগ উঠে আসে। এসব অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই ইউনিয়নজুড়ে অসন্তোষ বিরাজ করছিল।
তার এই আকস্মিক বদলিকে এলাকাবাসী ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, এতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরবে এবং জনদুর্ভোগ কমবে। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, কাজের গতি ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষার লক্ষ্যে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা কাটাতে কালিশুরী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিলকে কাছিপাড়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কনকদিয়া ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কাছে অনুলিপি পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

