নিজেস্ব প্রতিবেদকঃ
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মাড়িয়া ইউনিয়ন পরিষদের চারবারের সাবেক সফল চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন।
তিনি বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে বিএনপি নেতাকর্মীরা বসে থাকবে না। তবে সব ধরনের পরিস্থিতি আইন ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই মোকাবিলা করা হবে। সম্প্রতি ডিসেম্বর মাসে দুর্গাপুর উপজেলা বিএনপির অবস্থান ও দলীয় কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক অঙ্গনে ডিসেম্বর মাসকে ঘিরে নানা আলোচনা চলছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এবং বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এরই মধ্যে দেশের স্বাভাবিক জীবনযাত্রা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও জননিরাপত্তা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, জ্বালাও-পোড়াও ও নাশকতার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সচেতন নাগরিক সমাজের অনেকে মনে করছেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া কোনোভাবেই কাম্য নয়। দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারপ্রক্রিয়া সুরক্ষিত রাখা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করার কথা উল্লেখ করে ২০২৫ সালের ১২ মে নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে আইনি কাঠামোর মাধ্যমেও এ সিদ্ধান্ত বহাল রাখা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম, সভা-সমাবেশ, মিছিল, প্রকাশনা ও প্রচারণা নিষিদ্ধ রয়েছে।
এদিকে ডিসেম্বর মাসজুড়ে বিএনপি সরকারকে সহযোগিতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারে মাঠে থাকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দলটির নেতারা। ১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের প্রস্তুতিও রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
হাসান ফারুক ইমাম সুমন বলেন, “কেউ যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, জ্বালাও-পোড়াও কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নৈরাজ্য কায়েম করতে চায়, তাহলে বিএনপি ও দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করব না। অতীতে একাধিক মিথ্যা মামলার শিকার হয়েও, গ্রেফতার ও নির্যাতনের ভয় উপেক্ষা করে জনাব তারেক রহমানের নির্দেশনায় হাজার হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি।”
তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে, রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য। ডিসেম্বরজুড়ে দুর্গাপুর উপজেলা বিএনপি কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি পালন করবে। কোনো অপশক্তি দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আমরা আইনসম্মত প্রক্রিয়ায় তার মোকাবিলা করব। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অন্যতম অঙ্গীকার।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ মানুষ এখন শান্তি, নিরাপত্তা, কর্মসংস্থান, উন্নয়ন ও স্থিতিশীলতা প্রত্যাশা করছে। রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা ধরে রাখতে হলে কথার পাশাপাশি বাস্তব কর্মকাণ্ডেও জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
সবশেষে বলা যায়, দুর্গাপুরে বিএনপির আগামী দিনের রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি কতটা জনসম্পৃক্ত হয়, তার ওপর দলটির স্থানীয় সাংগঠনিক গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করবে। জনগণের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারলে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।

