নিজেস্ব প্রতিবেদকঃ
ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের পরীক্ষা দিতে এসে ছোট সন্তানকে সাথে নিয়ে বিপাকে পড়েছিলেন এক পরীক্ষার্থী মা। সন্তান দেখাশোনার কেউ না থাকায় তিনি প্রায় হতাশ হয়ে পড়েছিলেন। তখনই মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও। তিনি নিজেই শিশুটিকে কোলে নিয়ে সামলেছেন, আর নিশ্চিন্তে পরীক্ষা দিয়েছেন ওই মা।
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মঙ্গলবার ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীর সাথে ছিল তার কয়েক বছরের শিশু সন্তান। বাসায় দেখাশোনার মতো কেউ না থাকায় বাধ্য হয়েই শিশুটিকে সাথে আনতে হয় তাকে।
পরীক্ষা শুরুর সময় শিশুটিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন ওই মা। বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে তিনি মানবিক দিক বিবেচনা করে শিশুটিকে নিজের কোলে তুলে নেন।
পরীক্ষা চলাকালীন পুরো সময় ইউএনও নিজেই শিশুটিকে আদর করে সামলান। এতে করে ওই পরীক্ষার্থী মা কোনো ঝামেলা ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
কেন্দ্রে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকরা ইউএনও-এর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনেকেই বলেন, “দায়িত্বের পাশাপাশি এমন মানবিকতাই একজন আদর্শ সরকারি কর্মকর্তার পরিচয়।”
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “পরীক্ষার্থীরা যেন কোনো প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হয় সেটাই আমাদের লক্ষ্য। একজন মা যদি সন্তানের কারণে পরীক্ষা দিতে না পারেন, সেটা আমাদের সবার জন্যই কষ্টের। তাই ক্ষুদ্র এই চেষ্টা।”

