দু্র্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেলের উদ্যোগে দুর্গাপুর উপজেলা মডেল মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলামিন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি দলের শীর্ষ নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জুম্মার নামাজ শেষে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয়ে দেশের মানুষ তাদের প্রত্যাশিত লক্ষ্য অর্জন করেছেন। তবে দলের দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে শক্তিশালী করার পেছনে দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। দলে তার স্থান অপূরণীয়—এমন মন্তব্য করে নেতাকর্মীরা তার আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

