স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে জুলফার নাঈম মোস্তফার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও দুর্গাপুর–পুঠিয়া আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম. আকবর আলী বাবলু প্রস্তাবক এবং উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাওসার আহমেদ সমর্থক হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাসতুরা আমিনা মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে উপজেলা চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে বঞ্চিত রাজশাহী-৫ আসনের মানুষ একজন যোগ্য, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছেন, আর সেই প্রত্যাশা পূরণে জুলফার নাঈম মোস্তফাই সবচেয়ে উপযুক্ত প্রার্থী।
নেতৃবৃন্দ বলেন, মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার বহন করে জুলফার নাঈম মোস্তফা জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবেন। তার নেতৃত্বে দুর্গাপুর–পুঠিয়া অঞ্চলে উন্নয়ন ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিপুল ভোটে জুলফার নাঈম মোস্তফাকে বিজয়ী করা হবে—ইনশাল্লাহ।
মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস. এম. আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক আরমান কবির সুজন, দুর্গাপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাওসার আহমেদ, দুর্গাপুর উপজেলা যুবদল সদস্য শফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, পুঠিয়া বিএনপি নেতা পলান সরদার, পুঠিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হোদা বাবুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

