নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ভূমি বিরোধকে কেন্দ্র করে কলেজ শিক্ষক কালামের বাহিনীর হামলার শিকার হয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী নুরুন্নাহার।
তিনি জানান, ২০২০ সালে তার স্বামী হাবিবুর রহমান ডাবলু ৫ শতক জমি বিক্রির পর থেকেই কালাম জোরপূর্বক অবশিষ্ট জমির মুখ বন্ধ করে প্রাচীর নির্মাণ শুরু করেন। একাধিকবার আপত্তি জানানো হলেও কোনো সমাধান হয়নি।
ভূমি বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় নুরুন্নাহার ও তার ছেলে আহত হন। তার স্বামী ডাবলু বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি কালামের স্বজনদের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন ভুক্তভোগী নারী।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম জানান, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

