নিজেস্ব প্রতিবেদকঃ
জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্বে রাজশাহীতে কার্ড সাংবাদিকদের দৌরাত্ম্য এবং পেশাদার সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন হওয়ার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এ সময় জাতীয় দৈনিক ‘নববাণী’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ সংসদে তুলে ধরেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক।
গত ১২ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি ‘রাজশাহীতে কার্ড সাংবাদিকের ছড়াছড়ি, ক্ষুণ্ন হচ্ছে পেশাদার সাংবাদিকতার মর্যাদা’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়বস্তু তুলে ধরেন। সংবাদটি লিখেছিলেন দৈনিক নববাণীর রাজশাহী ব্যুরো প্রধান এ এইচ বিজয়। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদে রাজশাহীতে বিভিন্ন পরিচয়পত্রধারী সাংবাদিকের সংখ্যা বৃদ্ধি, সাংবাদিকতার পেশাগত মান, প্রকৃত সাংবাদিকদের সম্মান ও গ্রহণযোগ্যতা সংকুচিত হওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। পাশাপাশি সাংবাদিকতার পরিচয়পত্রের অপব্যবহার বন্ধ এবং পেশাদার সাংবাদিকদের মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিন পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে দুর্গাপুর উপজেলায় গেলে সাংবাদিক এ এইচ বিজয়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। সংবাদ প্রকাশের পর হামলার অভিযোগ এবং পরবর্তী সময়ে সেই সংবাদ জাতীয় সংসদে আলোচনায় আসায় বিষয়টি নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে সাংবাদিক এ এইচ বিজয় বলেন, “একজন পেশাদার সাংবাদিক হিসেবে আজ নিজেকে সার্থক মনে করছি। আমার লেখা একটি সংবাদ জাতীয় সংসদে আলোচনায় এসেছে, এটি আনন্দ ও গর্বের বিষয়। তবে এই অর্জন আমার একার নয়, সব পেশাদার সাংবাদিকের। কৃতজ্ঞতা জানাই দৈনিক নববাণীর ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান, নির্বাহী সম্পাদক সোহেল মিয়া এবং দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদসহ সংগঠনের সব সদস্যের প্রতি। তাঁরা সব সময় আমাকে সাহস ও উৎসাহ দিয়েছেন। হামলার ঘটনার পর পত্রিকা কর্তৃপক্ষ আমার কাজের মূল্যায়ন করে রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন।”
তিনি আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সত্য প্রকাশের ক্ষেত্রে সহযোগিতা করেন। তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে কোনো রাজনৈতিক দল, পুলিশ কিংবা বেসামরিক প্রশাসনের বিরুদ্ধে লিখতেও তিনি দ্বিধা করেন না। তাঁর মতে, সত্য তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব।
বর্তমান বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে প্রকৃত পেশাদার সাংবাদিকদের হারানো সম্মান ফিরিয়ে আনতে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন, পরিচয়পত্রের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
দৈনিক নববাণীর ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান বলেন, জাতীয় সংসদে তাঁদের পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে আলোচনা হওয়াকে দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে দেখছেন তাঁরা। সমাজের অসংগতি, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরাই সংবাদপত্রের দায়িত্ব। তিনি রাজশাহী ব্যুরো প্রধান এ এইচ বিজয়কে অভিনন্দন জানান।
দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিজয় তাঁদের সংগঠনের আইনবিষয়ক সম্পাদক। তিনি শিক্ষিত, সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। জনগণের কল্যাণ এবং সত্যের সন্ধানে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর সহকর্মী হিসেবে তাঁরা গর্বিত।
এদিকে দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এ এইচ বিজয়কে অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকতার পরিচয়ের অপব্যবহার বন্ধ, প্রকৃত পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। জাতীয় সংসদে বিষয়টি আলোচনায় আসায় সাংবাদিকতার পেশাগত মান ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হবে বলে প্রত্যাশা করছেন পেশাদার সাংবাদিকরা।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com