নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করতে নবনিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম (আলম) বেশ কিছু সময়োপযোগী ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর এসব উদ্যোগকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
এর আগে কলেজটিকে ঘিরে বিভিন্ন সময়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। এসব পরিস্থিতির পর অধ্যক্ষ ড. মোঃ আঃ রাজ্জাককে কুড়িগ্রাম সরকারি কলেজে বদলি করা হয়। পরবর্তীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক এনামুল হক (পারভেজ)। তিনি গত ২৮ সেপ্টেম্বর অবসরে গেলে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সহকারী অধ্যাপক রেজাউল করিম (আলম)।
দায়িত্ব গ্রহণের পর থেকেই কলেজের সার্বিক মানোন্নয়ন, নিয়মানুবর্তিতা এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একাধিক সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন তিনি।
কলেজ কর্তৃপক্ষের নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের জন্য কলেজের নির্ধারিত ড্রেস বাধ্যতামূলক করা, কলেজ চলাকালীন বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ক্লাস রুটিন যথাযথভাবে অনুসরণ করা এবং ক্লাসে অনুপস্থিতির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে কলেজের নির্ধারিত সময় পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের ক্যাম্পাসে উপস্থিত থাকাও বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া কলেজের খেলার মাঠে সন্ধ্যার পরও শিক্ষার্থী ও খেলোয়াড়দের আনাগোনা থাকায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টায় কলেজের প্রধান ফটক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
নবনিযুক্ত অধ্যক্ষ রেজাউল করিম (আলম) বলেন, “দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করাই আমার প্রধান লক্ষ্য। এখানে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়মের মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। শৃঙ্খলা ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ওপর অযথা কঠোরতা আরোপ করা আমাদের উদ্দেশ্য নয়। বরং নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে তাদের নিয়মিত ক্লাসমুখী করা, পড়াশোনায় মনোযোগী করা এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। কলেজের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।”
কলেজের নতুন প্রশাসনের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে নতুন গতি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com