ঢাকাFriday , 3 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আগুন ঝরা রোদে পুড়ছে রাজশাহী,তাপমাত্রা ৩৯.০৫ ডিগ্রি

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

আগুন ঝরা রোদে পুড়ছে রাজশাহী, তীব্র তাপদাহে হাঁসফাঁসে জনজীবন। ৩রা এপ্রিল (শুক্রবার) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.০৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর ফলে পুরো জেলাজুড়ে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বিরাজ করছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন ধরেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গত বুধবার তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। ধারাবাহিক এই বৃদ্ধির কারণে গত তিন দিন ধরে তাপদাহ অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে, অসহনীয় গরমে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। তীব্র রোদে কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। শহরের রাস্তাঘাটেও মানুষের চলাচল তুলনামূলকভাবে কমে গেছে।

অটো রিকশাচালক আব্দুল রাজ্জাক বলেন, দুপুরের প্রচণ্ড রোদে রিকশা চালানো এখন অনেক কষ্টকর হয়ে উঠেছে। যাত্রীও কমে গেছে, আর গরমে শরীরও দুর্বল হয়ে পড়ে।

হোটেলের বাবুর্চি ভুট্টু জানান, রোদের মধ্যে কাজ করতে গিয়ে প্রায়ই মাথা ঘোরে। বারবার পানি পান করেও স্বস্তি মিলছে না। রোদের অতিরিক্ত তাপ সেই সাথে আগুনের দাঁড়িয়ে কাজ করা খুব কষ্টকর হয়ে পড়েছে।

ফল বিক্রেতা লাবু বলেন,গরমের কারণে বাজারে মানুষ কম, ফলে বিক্রিও কমে গেছে। দীর্ঘসময় রোদে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর হয়ে উঠেছে।

স্কুল থেকে বাচ্চা নিতে আসা গৃহিণী ইশা তারা জুঁই জানান, ঘরের ভেতরেও তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে। ফ্যান চালিয়েও স্বস্তি মিলছে না, বিশেষ করে ছোট বাচ্চা ও বয়স্কদের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস সতর্ক করে বলেন, এই সময় হিটস্ট্রোকসহ বিভিন্ন তাপজনিত অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জরুরি। তিনি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং বাইরে বের হলে মাথা ঢেকে রাখার পরামর্শ দেন।

dailyalochitosangbad