বিশেষ প্রতিবেদকঃ
ফসলি জমি ও কৃষি রক্ষায় আবারও দৃঢ় বার্তা দিল প্রশাসন। রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আনুলিয়ার বিলে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে বুধবার (১৪ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু নিষ্ক্রিয় করা হয় এবং চারটি ব্যাটারি জব্দ করা হয়।
বুধবার রাত আনুমানিক ৭টার দিকে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু তিনি জানান, জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের কঠোর অবস্থানের কারণে অবৈধ কার্যক্রমে জড়িতদের ছাড় নেই—এমন বার্তাই আবারও স্পষ্ট হলো।
যোগদানের পর থেকেই দুর্গাপুরে অবৈধ পুকুর খনন ও ফসলি জমি ধ্বংসের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা। যখন অবৈধ পুকুর খনন সিন্ডিকেট দিন-রাত নানা কৌশলে কৃষিজমি নষ্ট করার চেষ্টা করছে, ঠিক তখনই দিনরাত এক করে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করে যাচ্ছেন তিনি। তার সাহসী ও নিরপেক্ষ ভূমিকার কারণে উপজেলায় অবৈধ পুকুর খনন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয়দের অভিমত।
কৃষক ও কৃষিজমি বাঁচাতে লায়লা নুর তানজুর এই দৃঢ় অবস্থান ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে সর্বমহলে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দুর্গাপুরে আইনের শাসন ও পরিবেশ সুরক্ষায় নতুন আশার আলো জাগিয়েছে।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com